প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে যেভাবে বেরিয়ে এলো বাংলার জয়যাত্রা
ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে প্রায় চার মাস আটকে আটকে থাকার পর অবশেষে ৩১ জন নাবিক নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা।
বাংলাদেশের সময় রোববার ভোর রাত তিনটার কিছু পরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি'র জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি হরমুজ প্রণালি পাড়ি দিলেও শিগগিরই দেশে ফিরছে না বলেও জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান বিএসসি। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন সমুদ্রে আটকা থাকার কারণে জাহাজের তলদেশে শ্যাওলা জমা পড়েছে। এছাড়াও ফুজাইরাহ থেকে জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হবে।
বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা' গত ২৬শে জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। এরপর ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সেটি কয়েক দফায় চেষ্টা করেছে কিন্তু হরমুজ প্রণালি থেকে বের হতে পারেনি। বরং, এরপর থেকে জাহাজটি ঘুরছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায়। জাহাজটিতে নাবিক-ইঞ্জিনিয়ারসহ মোট ৩১ জন ক্রু রয়েছেন।
তারা বলছেন, ইরান যুদ্ধ শুরুর পর চোখের সামনে মুহুর্মুহু মিসাইল হামলা, কখনো বিধ্বস্ত মিসাইলের ভাঙা অংশ এসে আশপাশের কোনো জাহাজে পড়তেও দেখছেন তারা। অনেকটা বন্দিদশা থেকে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার বিষয়টিকে একটি দুঃসাহসিক সমুদ্রযাত্রার অবসান হিসেবে দেখছেন জাহাজটিতে থাকা নাবিকেরা।
জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বিবিসি বাংলাকে বলেছেন, "আমাদের বন্দিদশা শেষ হয়েছে। ঝুঁকি নিয়েই একটি মৃত্যুকূপের ভেতর থেকে বের হয়ে এসেছি আমরা"
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com