প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার
বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু সেই গোলও সেলেসাওদের পরাজয় ঠেকাতে পারেনি। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের পর নেইমারের সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের খবর যেমন আলোচনায় এসেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পেনাল্টি নেয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও। ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ফান্তাস্তিকো’ সেই মুহূর্তের অডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেয়ার আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে গোলরক্ষককে উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘কোন দিকে চাস? কোন দিকে মারব বল?’ জবাবে নাইল্যান্ডও আত্মবিশ্বাস হারাননি। তিনি বলেন, ‘পোস্টে মারো। তবে আমি এটা ঠেকিয়ে দেব। দেখে নিও, আমি এটা আটকে দেব।’ তবে শেষ পর্যন্ত কথার লড়াইয়ে নয়, জিতেছেন নেইমারই। নিখুঁত শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।
নাইল্যান্ড নিজের জায়গা থেকে নড়তেও পারেননি। গোল করার পর নেইমার আবারও গোলরক্ষকের দিকে তাকিয়ে বলেন, ‘আমার সঙ্গে এই চালাকি চলবে না! আমার সঙ্গে নয়!’ যদিও ম্যাচের শুরুতে একই নাটকীয়তা দেখা গিয়েছিল ব্রাজিলের প্রথম পেনাল্টিতে। তখনও ম্যাচ গোলশূন্য। ব্রুনো গুইমারেসের নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নাইল্যান্ড। শেষ দিকে কাসেমিরোর আদায় করা পেনাল্টি থেকে নেইমার গোল করলেও সেটিই কেবল ব্যবধান কমিয়েছে, পরাজয় এড়াতে পারেনি ব্রাজিল। ম্যাচটি নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। খেলা শেষে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল জিই টিভিকে দেয়া সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তিনি জানান, বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে এত বছর লড়াই করেছেন, সেটির এখানেই ইতি।
নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। ম্যাচের পর ব্রাজিলের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানায়, জাতীয় দলের হয়ে নেইমারের পথচলা শেষ হয়ে গেছে। একই ধরনের খবর প্রকাশ করেছে ‘ফক্স স্পোর্টস’, ‘ইএসপিএন’ ও ‘ট্রিবিউনা’সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও। মাত্র ১৮ বছর বয়সে ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। এরপর দেশের হয়ে খেলেছেন ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ। করেছেন ৮০ গোল, সঙ্গে রয়েছে ৫৯টি অ্যাসিস্ট।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করার পথে থাকলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল তার। এমনকি কোপা আমেরিকার শিরোপাও অধিনায়ক বা প্রধান তারকা হিসেবে দেশকে এনে দিতে না পারার আক্ষেপ নিয়েই বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com