প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে কেন এক্স সংকেত দেখিয়েছেন মিশর কোচ, এর মানে কী?
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান মিশরের ফুটবলার ও কোচরা।
একপর্যায়ে প্রধান কোচ হোসাম হাসান দুই হাত ক্রসের (ইংরেজি ‘এক্স’) মতো করে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হঠাৎ কেন এমন সংকেত দিলেন এবং এর মাধ্যমে কী বুঝিয়েছেন– সেই আলোচনা চলছে। যে কারণে ‘এক্স’ সংকেত দেখানো হয় কব্জির কাছে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতি তৈরি করা ফিফার স্বীকৃত একটি আনুষ্ঠানিক সংকেত।
ম্যাচ চলাকালে সম্ভাব্য বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণের অভিযোগ জানাতে খেলোয়াড়, কোচ কিংবা ম্যাচ অফিসিয়ালরা এই ইশারা ব্যবহার করতে পারেন। এর উদ্দেশ্য হলো– বৈষম্যের অভিযোগ যেন উপেক্ষিত না হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়। মূলত এই দৃশ্যমান সংকেত অনুমোদ করা হয় ২০২৪ সালে ব্যাংককে অনুষ্ঠিত ফিফার ৭৪তম কংগ্রেসে। বর্ণবাদ ও অন্যান্য বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই জোরদার করতেই এমন সংকেত প্রয়োগের সিদ্ধান্ত হয়েছিল।
‘এক্স’ সংকেত দেওয়া মানেই ম্যাচ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এমন নয়। এটি মূলত রেফারিকে সম্ভাব্য ঘটনার বিষয়ে সতর্ক করার একটি আনুষ্ঠানিক উপায়। এক্ষেত্রে ফিফার প্রোটোকলে তিনটি ধাপ রয়েছে– প্রথমত, পরিস্থিতি মূল্যায়নের জন্য রেফারি সাময়িকভাবে খেলা বন্ধ করতে পারেন। দ্বিতীয়ত, বৈষম্যমূলক আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত করা হতে পারে এবং দুই দলকে সাময়িকভাবে মাঠ ছেড়ে যেতে বলা হবে। তৃতীয়ত, পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিদের সুরক্ষায় ম্যাচ স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে রেফারিদের জন্য স্পষ্ট নির্দেশনা এবং খেলোয়াড় ও কোচদের জন্য অভিযোগ জানানোর একটি দৃশ্যমান উপায় নিশ্চিত করতে চায় ফিফা।
ম্যাচের শেষদিকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার তৃতীয় গোল করার পর উদ্যাপনের সময় বর্ণবাদী মন্তব্য করা হয়েছে কিংবা বৈষম্যের স্বীকার হয়েছেন বলে মনে করেন হোসাম হাসান। সেই অভিযোগ জানাতেই তিনি ‘এক্স’ সংকেত ব্যবহার করেন। তবে বিতর্কের সময় পর্যন্ত অভিযোগের পক্ষে কোনো প্রকাশ্য ও চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com