প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী
অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ভিসা পলিসি, ২০২৬ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী (চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি ‘ভিসা পলিসি, ২০২৬’ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সভা করবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এ ক্ষেত্রে কমিটি কর্তৃক পরিমার্জনের পর ভিসা পলিসি, ২০২৬ এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com