প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপারকম্পিউটার
আগামীকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লড়াকু সুইজারল্যান্ড। মাঠের লড়াইয়ে বল গড়ানোর আগে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর মনে এখন একটাই প্রশ্ন, কে হাসবে শেষ হাসি? ফুটবলপ্রেমীদের এই তুমুল কৌতূহলের মাঝেই এবার বৈজ্ঞানিক পরিসংখ্যান ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ম্যাচের সম্ভাব্য বিজয়ী নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া বিশ্বের অন্যতম জনপ্রিয় পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার। ম্যাচটি শুরুর আগে মাঠের বাইরের ও ভেতরের সমস্ত ডেটা বিশ্লেষণ করে প্রায় ২৫ হাজার বার কৃত্রিম ম্যাচ সিমুলেশন চালিয়েছে অপ্টা। আর সেই গাণিতিক সিমুলেশনের ফলাফলে সুইজারল্যান্ডের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
অপ্টার সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মূল খেলায় আলবিসেলেস্তেদের সরাসরি জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে চমকে দেওয়া সুইজারল্যান্ডের সরাসরি ম্যাচ জেতার সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র ১৮ দশমিক ৭ শতাংশ। বাকি ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ, প্রায় এক-চতুর্থাংশ সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত সময়ে ফয়সালা হবে না। খেলা গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে কিংবা টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায়।
চলতি বিশ্বকাপে অবশ্য পূর্বের সব গাণিতিক হিসাবনিকাশ ও প্রেডিকশন উল্টে দেওয়ার এক অদ্ভুত অভ্যাস গড়ে তুলেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলোর মিসর ম্যাচ পর্যন্ত প্রতিবারই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। এরপরও সার্বিকভাবে শেষ চারে উঠে শিরোপা রক্ষার লড়াই টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের সম্ভাবনা দেখানো হয়েছে ৬৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ড বা নরওয়ের বিপক্ষে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুইজারল্যান্ডের জন্য দেখানো হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ।
আর্জেন্টিনা যদি শেষ চারে পৌঁছাতে পারে, তবে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ড অথবা নরওয়ের।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com