প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
সাধারণ কর্মচারীরাও পাবেন রেশন, তালিকায় আছেন যারা
ক্রমাগত ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির খবর আসছে। প্রশাসনের ১২ থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরই মধ্যে এই প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি মিলেছে এবং এটি বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেন।
সেখানে বলা হয়, মূল্যস্ফীতির কারণে কম বেতনের সরকারি কর্মচারীরা তীব্র আর্থিক সংকটে ভুগছেন। অনেকে ধার-দেনা ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন, যা তাদের দাফতরিক দায়িত্ব পালনেও নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে রেশন সুবিধা চালু হলে কর্মচারীদের মানসিক চাপ কমবে এবং কাজের প্রতি মনোযোগ বাড়বে।
ডিসি সম্মেলনের এই প্রস্তাবটি আমলে নিয়ে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনা অনুযায়ী, এই উদ্যোগ স্বল্প, মধ্য নাকি দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে–সে বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগকে অগ্রগতি জানাবে।
এ ছাড়া তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপ-সচিব মো. মামুন গণমাধ্যমকে জানান, ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে তাদের করণীয় নির্ধারণ করে দেয়া হয়েছে।
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কাজের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। বর্তমানে দেশের ১০টি শৃঙ্খলা ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা সরকার নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস, এনএসআই, এসএসএফ, দুদক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
উদাহরণস্বরূপ, পুলিশ বাহিনীতে চার সদস্যের একটি পরিবারের জন্য মাসে ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি ডাল, সাড়ে ৪ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি চিনি বরাদ্দ থাকে। নতুন এই সিদ্ধান্তের ফলে এবার সাধারণ সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই সুবিধার আওতায় আসছেন।
১২তম গ্রেডের পদের মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অডিটর ও জুনিয়র ইনস্ট্রাক্টর। অন্যদিকে সরকারি চাকরির সর্বনিম্ন স্তর ২০তম গ্রেডের পদের মধ্যে রয়েছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালী ও পরিচ্ছন্নতাকর্মী। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও সরকারি কর্মচারীরা রেশন সুবিধার দাবিতে আন্দোলন করেছিলেন।
সে সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম অর্থ বিভাগকে এ বিষয়ে চিঠি দিলে বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পায়।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com