প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি বিতর্কিত ইসমাইল, কোন দেশের তিনি
ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করা ৪৪ বছর বয়সী এই রেফারির নামের পাশে যেমন রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা, তেমনি রয়েছে বেশ কিছু বিতর্কও। তবে আর্জেন্টিনার জন্য তিনি একেবারেই অপরিচিত নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
চলতি বিশ্বকাপে এলফাথ নেদারল্যান্ডস-জাপানের ২-২ গোলের ড্র, স্পেনের ১-০ গোলে উরুগুয়েকে হারানো ম্যাচ এবং শেষ ষোলোতে নরওয়ের ২-১ গোলে ব্রাজিলকে হারানোর ম্যাচ পরিচালনা করেছেন। এই তিন ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন। একমাত্র লাল কার্ডটি দেখানো হয় উরুগুয়ের আগুস্তিন কানোব্বিওকে, স্পেনের পাও কুবার্সির ওপর ম্যাচের শেষ দিকে করা বেপরোয়া ট্যাকলের জন্য। সেই ফাউল কার্যত উরুগুয়ের বিদায় নিশ্চিত করে। বিশেষ করে স্পেন-উরুগুয়ে ম্যাচের পর স্প্যানিশ সংবাদমাধ্যমে এলফাথের রেফারিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ ছিল, ম্যাচের শুরু থেকেই তিনি খেলাটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং অতিরিক্ত রাফ খেলা চলতে দিয়েছেন। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় রদ্রিগো বেনতানকুরের ইন্যাকি উইলিয়ামসের ওপর ভয়ংকর ট্যাকল নিয়ে। ওই ট্যাকলে উইলিয়ামস কয়েকটি ম্যাচের জন্য ছিটকে গেলেও এলফাথ কেবল হলুদ কার্ড দেখান। ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার একটি সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে।
নরওয়ের ক্রিস্টোফার আজারের ফাউলে ব্রাজিলের ম্যাথেউস কুনহাকে পেনাল্টি না দিলেও পরে ভিএআর হস্তক্ষেপ করে সিদ্ধান্ত পরিবর্তন করে। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। পরে ব্রাজিল আরও একটি পেনাল্টি পায়, যা থেকে নেইমার গোল করেন। কিন্তু তাতেও কার্লো আনচেলত্তির দল পরাজয় এড়াতে পারেনি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের হতাশা ঘিরে উত্তপ্ত পরিস্থিতিরও সৃষ্টি হয়। মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেয়া ইসমাইল এলফাথ ১৮ বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে (অস্টিন) যান। ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে খেলোয়াড়ি জীবন ছেড়ে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন। ২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে ওই কর্মসূচি স্থগিত রয়েছে। ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় থাকা এলফাথ দীর্ঘদিন ধরে মেজর লিগ সকার (এমএলএস)-এ দায়িত্ব পালন করছেন। সে কারণেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গেও তার পেশাগত কারণে আগে দেখা হয়েছে। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচেও তিনিই ছিলেন প্রধান রেফারি।
সেই ম্যাচে টাইব্রেকারে জিতে শিরোপা জেতে ইন্টার মায়ামি। বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এলফাথের। টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচও তিনি পরিচালনা করেছিলেন। গ্রুপ পর্বের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং জয় না পাওয়ায় আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। বর্তমান স্কোয়াডের ফাকুন্দো মেদিনা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সেদিন শুরুর একাদশে ছিলেন। এটি এলফাথের দ্বিতীয় বিশ্বকাপ। কাতার ২০২২ বিশ্বকাপে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং শেষ ষোলোতে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। আর চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com