প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল অপ্টা
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে ঘিরে হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্বাভাস দিয়েছে অপ্টা সুপার কম্পিউটার। দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য হওয়ায় ফাইনালে কারা উঠবে, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যবধান দেখাতে পারেনি পরিসংখ্যানভিত্তিক এই পূর্বাভাস। অপ্টার ১০ হাজারের বেশি সিমুলেশন অনুযায়ী, ফাইনালে ওঠার দৌড়ে ৫১.৯ শতাংশ সম্ভাবনা নিয়ে সামান্য এগিয়ে ইংল্যান্ড।
অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৮.১ শতাংশ। নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ, যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৭ শতাংশ, সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও বেশ সমানে সমান। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা ২টি, আর ড্র হয়েছে ৬টি ম্যাচ। তবে ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে নির্ধারিত সময় ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে, নির্ধারিত সময়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ জয় আসে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যে ম্যাচটি দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে। এরপর দুই দলের শেষ পাঁচ দেখায় নির্ধারিত সময়ে অপরাজিত রয়েছে ইংল্যান্ড। এবারের ম্যাচটি হবে বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। বিশ্বকাপে এর চেয়ে বেশি বার আর্জেন্টিনা খেলেছে শুধু জার্মানি ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com