প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
মরার উপর খাঁড়ার ঘা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ফিফা ম্যাচ রেফারির রিপোর্ট এবং ম্যাচের ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। তদন্তের শুরুতেই আসছে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড। ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সহিংস আচরণের অভিযোগে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া নাহুয়েল মোলিনার আচরণও তদন্তের আওতায় রয়েছে।
অভিযোগ, উদযাপনের সময় তিনি স্পেনের মিডফিল্ডার রদ্রির দিকে ঘুষি মারার চেষ্টা করেন। একই সঙ্গে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। স্পেনের দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় তার ভূমিকা খতিয়ে দেখা হবে। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের আচরণও তদন্ত করবে ফিফা।
অভিযোগ, স্পেন যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে এখনই কোনো সম্ভাব্য শাস্তির বিষয়ে কিছু জানায়নি ফিফা।
শৃঙ্খলাভঙ্গের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে চূড়ান্ত রায় আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com