প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
ইউপি চেয়ারম্যান প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানাল ইসি
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে এবং এই সম্পর্কিত আর কোনো আইনের রুলিং বা জাজমেন্ট আছে কিনা– সেগুলো দেখে পরে ইসি সিদ্ধান্ত নেবে।বুধবার রাতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, আজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল দেন।
রিটকারীরা জানান, একজন চেয়ারম্যানকে নানান ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। সেখানে ৩ লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারেন। অথচ এই ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না।
তাছাড়া স্থানীয় সরকারকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আরও নানা দায়িত্ব রয়েছে চেয়ারম্যানদের। তাই স্থানীয় সরকার আইন, ২০০৯ এ চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com