প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা -স্পেন
বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা শেষ না হতেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে আরেকটি সুখবর। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিসিমা আয়োজন নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বহু প্রতীক্ষিত এই ম্যাচটি আগামী নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। মূলত ২০২৪ উয়েফা ইউরো ও কোপা আমেরিকার শিরোপাজয়ী দুই দলের এই লড়াইটি ২০২৬ বিশ্বকাপের আগেই আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি। পরে মাদ্রিদ কিংবা হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচটি ২০২৬ সালের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ম্যাচ আয়োজনের স্বত্ব কাতার সরকার কিনে নিয়েছে। যদিও এ বিষয়ে উয়েফা, কনমেবল কিংবা কাতার সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সম্প্রতি নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই দুই দলের সম্ভাব্য ফিনালিসিমা নিয়ে সমর্থকদের আগ্রহ আরও বেড়ে গেছে।
ফিনালিসিমা অনুষ্ঠিত হলে এটি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান দুই সেরা দলের আরেকটি হাইভোল্টেজ লড়াই। তবে ম্যাচের তারিখ, ভেন্যু ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য জানতে উয়েফা ও কনমেবলের ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com