প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
স্পেনের মিডফিল্ডার ওলমোকে ঘুষি মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ
বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় ফিফার তদন্ত চলাকালে স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ‘ঘুষি’ মারার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। তার দাবি, সেটি ঘুষি ছিল না, বরং ধাক্কা দেওয়ার মতো একটি প্রতিক্রিয়া ছিল। রোববার (১৯ জুলাই) স্পেন অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। ম্যাচটি শেষ বাঁশির পর ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্যও আলোচনায় আসে। বিখ্যাত ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, মারামারি শুরু হয় যখন আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা স্পেনের রদ্রিকে আঘাত করেন।
এরপর আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্পেনের দানি ওলমোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে আয়ালাকে বার্সেলোনার এই খেলোয়াড়ের দিকে ঘুষি ছুড়ে মারতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। তবে প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলতে গিয়ে সাবেক এই ডিফেন্ডার বলেন, ঘটনাটি ‘ঘুষির চেয়ে ধাক্কা দেওয়ার মতোই বেশি ছিল।’ ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওর ‘এসপোর্তস মিগদিয়া’ অনুষ্ঠানে আয়ালা বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানের কারণে আমি এমন অনুভূতি বা প্রতিপক্ষের কাছ থেকে যা-ই পাই না কেন, তা আমার আচরণ বা সিদ্ধান্তকে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়।’ বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা তিনি আরও বলেন, ‘আমি দুঃখিত। তবে আমার কাছে এগুলো মাঠের ঘটনাই, সেখানেই শেষ হওয়া উচিত। আমার মতে, এসব পেছনে ফেলে এগিয়ে যাওয়া দরকার।’ ঘুষি মারার অভিযোগ অস্বীকার করে আয়ালা বলেন, ‘ওটা ঘুষি ছিল না, যেমনটা বলা হচ্ছে।
বরং ধাক্কা দেওয়ার মতোই বেশি ছিল। সে আমাকে কিছু বলেছিল, সেটারই প্রতিক্রিয়া ছিল। যদি আবার তার সঙ্গে দেখা হয়, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইব।’ পরে তিনি যোগ করেন, ‘এটা দুঃখজনক। মাঠে যা করেছি, তার দায় স্বীকার করতেই হবে।’ তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি মাঠের মাঝখানে মারামারি দেখতে পাই। আমরা আমাদের খেলোয়াড়দের থামাতে ছুটে যাই। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হয়ে যায়, যা আমাদের স্বাভাবিক চরিত্র নয়।’ নিজের দায় স্বীকার করে আয়ালা বলেন, ‘আমি যা করেছি, তার দায়িত্ব নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল গিয়ে তাদের আলাদা করা। সেটাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু কখনও কখনও আবেগ তীব্র হয়ে ওঠে এবং এমন ঘটনা ঘটে। তবে সেটি কোনো অজুহাত হতে পারে না। আমার অবস্থানে থেকে আমার আচরণ ভিন্ন হওয়া উচিত ছিল, অন্য পক্ষ থেকে যা-ই আসুক না কেন।’ এরই মধ্যে রোববারের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ম্যাচ কমিশনারের প্রতিবেদন পর্যালোচনার পর ফিফা সিদ্ধান্ত নিয়েছে, তাদের শৃঙ্খলা বিধি লঙ্ঘনের সম্ভাব্য ঘটনা তদন্তে একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনার পর এবং ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদের আলোকে, ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাবিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগ তদন্তের জন্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রসিকিউটরের তদন্ত প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে পরবর্তী বিস্তারিত জানাবে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com