প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
গাড়িচাপায় প্রাণ গেল আমির হামজার
মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে।
সে বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দ রুটি, কলা ও ডিম নিয়ে একটি গাড়ি বিদ্যালয়ে প্রবেশ করছিল। এ সময় গাড়িটি পেছনের দিকে নেওয়ার সময় মাঠে থাকা আমির হামজা ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com