প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল
দেশজুড়ে বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় আগামী দিন দেশের ৪ বিভাগসহ তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সোমবার (১৭ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর বরাতে পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২ দিন দেশের অভ্যন্তরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী একদিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় দেশের পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও গোমতী নদীর পানি সমতল আগামী একদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু কিছু স্থানে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।
আগামী ২ দিন এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। তবে উল্লেখিত সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৩ দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com