প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
সন্ধ্যায় ছাত্রদলের কমিটি ঘোষণা
সন্ধ্যায় ছাত্রদলের কমিটি ঘোষণা, গভীর রাতে স্থগিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার আওতাধীন ৮টি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
তবে কমিটি গঠনের পরপরই স্বজনপ্রীতি ও রাজনীতিতে অপরিচিতদের স্থান দেওয়ায় সমালোচনা সৃষ্টি হয়। তৃণমূলের ক্ষোভের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই সদ্য ঘোষিত ৪টি ইউনিটের কমিটি স্থগিত করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত লালমনিরহাট সদর উপজেলা, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট সরকারি কলেজ, আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, হাতীবান্ধা উপজেলা, পাটগ্রাম উপজেলা ও পাটগ্রাম পৌর শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে কোনো কোনোটিতে আহ্বায়ক ও সদস্যসচিব এবং কোনোটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্যাডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
পদবঞ্চিত ও তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, এসব কমিটিতে স্থান পাওয়া অনেকেই রাজনীতিতে অপরিচিত মুখ। এছাড়া পদ বণ্টনের ক্ষেত্রে ব্যাপক স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তারা। তৃণমূলের এমন ক্ষোভ ও সমালোচনার মুখে রাতেই হস্তক্ষেপ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রাত আনুমানিক দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে সদ্য ঘোষিত ৪টি ইউনিটের কমিটি স্থগিত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালমনিরহাট জেলা শাখার অধীনস্ত আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, পাটগ্রাম উপজেলা এবং পাটগ্রাম পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো।
পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।’ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার রাতেই এই নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি তারা। পরে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জোয়ার্দ্দার তাওফিক হাসান শাওন বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক পোস্ট করেছেন, এটাই সত্য। জেলা ছাত্রদলের কয়েকটি ইউনিটে কমিটি দেওয়া হয়েছিল, সেগুলো স্থগিত করেছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com