প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে
জামায়াতে ইসলামীর নেতারা মিথ্যা তথ্য প্রচার করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও একই ধরনের ‘মিথ্যাচার’ শিখেছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন।
এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে থাকলেও ওই বক্তব্যের বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলে দাবি করেন তিনি। রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন।
এমনকি ‘বিসমিল্লাহ’ বলে মিথ্যা শুরু করার বিষয়েও তিনি সমালোচনা করেন। তিনি আরও বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে পরিচিত এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে। সোমবার দুপুরে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি।
এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, দলটি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরার কথা বললেও তাদের বক্তব্যও হামিদুর রহমান আযাদের বক্তব্যের মতো ‘অপতথ্যে ভরপুর’।
রাশেদ খান দাবি করেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রচারণা চালানোর ক্ষেত্রে জামায়াত-এনসিপি ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে।
তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলো ছয় মাসে কী ধরনের গুজব, প্রচারণা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন হওয়া প্রয়োজন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com