প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে আলোচিত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আবেদন করেন। আবেদনে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।
এতে আরও বলা হয়, তারা বিদেশে চলে গেলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ব্যাহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে ফয়সাল ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের কারাগারে আটক রয়েছেন।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগের পাশাপাশি ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্টদের বড় অঙ্কের ব্যাংক লেনদেনের বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com