প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসার সামনেই পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারে নিজ বাসার সামনে গাড়ি রাখা নিয়ে বিরোধের জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম আলতাফ হোসেন। তিনি রাজধানীর মালিবাগ জোনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই হিসেবে কর্মরত ছিলেন। তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) হামলায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলতাফ হোসেন সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওসি বলেন, শনিবার বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ সময় ১০ থেকে ১৫ জনের হামলার শিকার হন এসআই আলতাফ ও তার ছেলে আরিফ। পরে রাত সাড়ে ৯টার দিকে বাবা-ছেলেকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে নিজ বাসার পাশেই হামলার শিকার হন এসআই আলতাফ ও তার ছেলে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত কারণ ও হামলায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com