প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫
ব্রেকিংঃ তিন ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান
পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। আগামী মাসে এশিয়ার আরেক দল শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজটি আয়োজনের কথা ছিল।
জানা যায়, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের আরগুন জেলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে এসিবি'র পক্ষ থেকে বলা হয়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়হয়, ‘হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন।
দুপুরে তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তারা।’
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com