প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
নারী আসনে কারা বিএনপির মনোনয়ন পাবেন, জানালেন রিজভী
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসম্পন্ন নারীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নয়াপল্টন কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের ফরম বিতরণ শুরু হয়েছে।
চলবে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম নিতে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়নপ্রত্যাশীরা এসেছেন জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মনোনয়নের বিষয়টি দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে।
যারা গত ১৬-১৭ বছর নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা থাকবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।’ কেন্দ্রীয়ভাবে মনোনয়নপ্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সংসদের প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে।
এটাই গণতন্ত্রের আসল শক্তি।’ আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৮ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ হবে ১২ মে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি জোট ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্র পাচ্ছে ১টি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com