প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
এক পরিবার থেকে বিএনপির ৩ সংসদ সদস্য
বিএনপি থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে একই পরিবারের ৩ জন সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন। নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী হলেও তার পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
ফলে তার এই মনোনয়নের মাধ্যমে বাবা, শ্বশুর এবং তিনি নিজে—একই পরিবারের ৩ জন সদস্য জাতীয় সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় নিপুণ রায় চৌধুরী ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেত্রী বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব হিসেবেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com