প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
মাদক সেবনের দায়ে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার
মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মে) জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কেএম শাকিল হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাসহ তিন মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। এই ঘটনার পর দলীয়ভাবে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com