প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ১০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাউরাং বাজারে একটি জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) এই ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে দুইজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে নাউরাং বাজারে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেক মানুষ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তারা বিস্ফোরণের ধরন ও এর পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পুরো এলাকাটি বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই একই প্রদেশে একটি বড় ধরনের গাড়ি বোমা হামলায় ২১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানের একাধিক নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় তৎপরতা থাকায় এই ধরনের সহিংস ঘটনা সেখানে ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন পুলিশ।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com