প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
আসিফ-হাসনাত জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: প্রশাসক
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা নিয়েছেন।
এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেন।
শনিবার (৩০ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ তথ্য দেন। মোস্তাক মিয়া বলেন, সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে। তাদের মধ্যে সততা ছিল না।
তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com