প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ইসলামি যুব আন্দোলনের নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র্যাব-৮-এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের দুমকি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদারকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর সিপিসি পটুয়াখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে একটি দল জানতে পারে, সাকুরা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালীর দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাব। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সুমন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
জিজ্ঞাসাবাদে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল মৃধা (৩৪) নামে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করেন। তিনি কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে। অভিযান শেষে দুপুর দেড়টার দিকে গ্রেপ্তার দুই আসামি ও জব্দকৃত মাদক দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com