আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

0
আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পাহারা দেওয়ার সময় একটি প্রাইভেটকারের পিছু নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আজিম সরকার (১৭) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

আহত ব্যক্তিরা হলেন ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২)। তাঁরা উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া প্রাইভেটকারের যাত্রী নান্দাইল উপজেলার চর ভেলামারী গ্রামের আলমগীর (২৬) ও তাঁর স্ত্রী লিমা (২৪) আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজার এলাকায় পাহারা বসান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৩টার দিকে ওই পথে একটি প্রাইভেটকার আসতে দেখে আজিম সরকারসহ কয়েকজন নেতাকর্মী গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সংকেত দেন।

এ সময় চালক ভীত হয়ে গাড়ির গতি বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। গাড়ির ভেতরে আওয়ামী লীগের কোনো নেতা থাকতে পারেন—এমন সন্দেহে আজিমসহ ছাত্রদলের কয়েকজন একটি মোটরসাইকেলে করে প্রাইভেটকারটির পিছু নেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তাঁরা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেটকারের সামনে গিয়ে ব্রেক করলে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আজিমসহ তিন আরোহী এবং প্রাইভেটকারের দুই যাত্রী আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহত আজিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর ও তাঁর স্ত্রী লিমাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, আজিম সরকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাহারা বসিয়েছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থামাতে বলা হলে চালক দ্রুত চলে যান। পরে গাড়িটির পিছু নেওয়ার একপর্যায়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আজিম সরকার নিহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন।

মন্তব্যসমূহ (0)

User