দৈনিক প্রিয় টাইমস

আবহাওয়া

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

শনিবার (৩০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এই পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।  এতে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। পূর্বাভাস অনুযায়ী, আজ (শনিবার) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (৩১ মে) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২ জুন) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৩ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে