২ লাখে বিয়ে করে সহবাস সার্জেন্ট সাবিহার,বিচ্ছেদে নেন অর্ধ কোটি। তথ্য ফাঁস

২ লাখে বিয়ে করে সহবাস সার্জেন্ট সাবিহার,বিচ্ছেদে নেন অর্ধ কোটি। তথ্য ফাঁস

দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের। বিয়ের সময় নগদ ও স্বর্ণালংকার বাবদ পরিশোধ করা হয় ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা।

তবে ২০২২ সালে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন সাবিহা। এফডিআর ভেঙে এবং ধার-দেনা করে ওই অর্থ দিতে হয়েছিল মাহবুব আলমকে। সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে অর্থের উৎস সম্পর্কে এত দিন সাবিহা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম কিছু জানাননি।

 অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অর্থ লেনদেনের বিষয়টি স্পষ্ট করেন সাইফুল। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম জানান, ২০২২ সালের ৩০ আগস্ট সাবিহা আক্তার ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। এ সময় তিনি বিবাহবিচ্ছেদের কাগজও দেখান। সাইফুলের ভাষ্য অনুযায়ী, মাহবুব আলম এফডিআর ভেঙে এবং বিভিন্নজনের কাছ থেকে ধার-দেনা করে ওই টাকা পরিশোধ করেন। তবে নগদ অর্থ সরাসরি গ্রহণ করেন সাইফুল নিজেই। পরে নিজের মালিকানাধীন নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে সেই টাকা জমা করেন। একই দিন ওই হিসাব থেকে অর্থ সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এত বড় অঙ্কের টাকা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলেও সংবাদ সম্মেলনে স্বীকার করেন সাইফুল। তবে বিবাহবিচ্ছেদের সময় কেন ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

সাবিহা আক্তার ও মাহবুব আলমের নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান তাঁদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ দেখানো হয়। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল। এদিকে, ৫০ লাখ টাকা আদায়ের কারণ জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

বিবাহবিচ্ছেদের সময় সাবিহাকে অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ বিষয়ে মাহবুব আলম বলেন, প্রাক্তন স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চান না। সময় হলেই সবকিছু জানাবেন।