বন্ধুর বাসায় নিয়ে যেভাবে জোর করে ধর্ষণ করে পুলিশের ওসি. বিএনপির নেতার বাসায় নিয়েও জোর করে স্ট্যাম্প
বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং অভিযোগ তুলে নিতে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, বিষয়টি আপসের নামে নিষ্পত্তির চেষ্টা করে তাকে গাজীপুরের এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর জিএমপি কমিশনারের কাছে দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন তিনি। এ অবস্থায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।
গত ২৪ সেপ্টেম্বর দেওয়া অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় যান। সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগকারীর দাবি, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে বিভিন্ন সময়ে তাঁর বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন। ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে সোহেল নিয়মিত তাঁকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। ওই নারী জানান, একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার তাঁকে পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ করলে পরিণতি ভালো হবে না বলে সোহেল তাঁকে হুমকি দেন। ভুক্তভোগীর ভাষ্য, ইফতেখারের বাবাও ফোন করে তাঁর পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদ করায় ইফতেখার তাঁকে গালমন্দ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।
পরে নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান। অভিযোগে আরও বলা হয়, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন তিনি। পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন। গত ১৯ অক্টোবর জিএমপি কমিশনারের কাছে দেওয়া দ্বিতীয় অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাঁকে জোরপূর্বক গাজীপুরের এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাঁর হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই টাকা থেকে আট লাখ টাকা এখনো তাঁর কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তাঁর এক কাকা ও থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত। ওই নারী বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে মেসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’ তিনি আবারও জানান, কোনো আর্থিক সমঝোতা নয়, বরং ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান। এ বিষয়ে জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একপর্যায়ে পরে কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।