শেখ হাসিনার প্রত্যর্পণ, যা বলছে বিবিসি

শেখ হাসিনার প্রত্যর্পণ, যা বলছে বিবিসি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার জন্য দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার পাশাপাশি বিকল্প হিসেবে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলসীমান্ত ব্যবহারের পরিকল্পনাও রয়েছে তার। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথও চিহ্নিত করেছেন তার সমর্থকেরা। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত তিনি। শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার দেশে ফেরার পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। অন্যদিকে তাকে আশ্রয় দেয়া ভারতও পড়েছে কূটনৈতিক জটিলতায়। কারণ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

 শুক্রবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে পালিয়ে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তার মুখপাত্র ইতোমধ্যে জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মারক ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন বিবিসিকে বলেন, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে একটি উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার চেষ্টা করবেন তিনি। বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে স্থলসীমান্তও। অরিন বলেন, ‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’ ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। অরিনের দাবি, এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা। তিনি বলেন, ‘এটি অত্যন্ত পরিকল্পিত ও সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। বিষয়টি তারা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।’ তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার।

 মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দেয়া রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। যদিও ওই বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালের অভ্যুত্থান চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক বিষয় নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়ার’ মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয়। পাঁচ লাখ সমর্থক নিয়ে ফেরার দাবি ​ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তনের পরিকল্পনা হিসেবে দেখছেন না বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এর মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাজনৈতিক আলোচনায় নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। অরিনের দাবি, নির্বাসনে থেকেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা।

 টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠক করে গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। দেশের ৬৪ জেলা ও ৩০০ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠকের আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে বলেও জানান অরিন। তার দাবি, শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষ জড়ো হতে পারেন। তারা মানবপ্রাচীর তৈরি করে তাকে অভ্যর্থনা জানাবেন। অরিন বলেন, ‘এটি বাস্তবায়নের সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।’ তবে এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিদেশে, কেউ কারাগারে, আবার কেউ আত্মগোপনে রয়েছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় মূলধারার রাজনীতিতেও তাদের অংশগ্রহণ সীমিত। এরপরও বিভিন্ন এলাকায় দলটির সমর্থকেরা ঝটিকা মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব কর্মসূচি আরও ঘন ঘন হচ্ছে এবং কোথাও কোথাও সংঘাতের রূপ নিচ্ছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংস্থাটি। শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ বেগ পেতে হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষণ