বন্ধ করে দেওয়া হলো গোপালগঞ্জের সকল সরকারী বরাদ্দের টাকা
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার।
একই সঙ্গে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালু করতেও আরও সময় লাগবে। এদিকে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থসহায়তা দেওয়া হয়, তার তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় করা হবে না। সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। ফলে জেলার বিভিন্ন উন্নয়ন ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
১৫ নভেম্বরের ঘটনার পর বন্ধ রেল যোগাযোগ গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়।
জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।