আওয়ামী লীগের রাষ্ট্রপতির শ্যালকেই ভরসা জামায়াতের
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। দীর্ঘদিন চিকিৎসাসেবায় নিয়োজিত এই চিকিৎসক এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান রাজনৈতিক অঙ্গনের মাধ্যমে। অন্যদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনাতেও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।
একই সময়ে কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় আসে। কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী জিহাদ খান জামায়াতের প্রার্থিতার বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে। হজযাত্রীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি সাবেক দুবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। এছাড়া তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই। বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। নিজ এলাকার মানুষের সেবা করতে চান জিহাদ খান প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের অনেক মানুষকে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তার। তবে নিজ এলাকার মানুষকে এভাবে সেবা করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি। তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করতে চান।
এর আগেও এলাকা থেকে আওয়ামী লীগ, জামায়াতের লোকজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তার কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়াসহ তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। এছাড়া গত ১৫-১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি। কিশোরগঞ্জের ছয় আসনের মধ্যে পাঁচটিতে আগেই প্রার্থী ঘোষণা এর আগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। বাকি ছিল কিশোরগঞ্জ-৩ আসনটি। জিহাদ খানের নাম ঘোষণার মধ্য দিয়ে জেলার ছয়টি আসনেই দলটির সম্ভাব্য প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো। ঘোষিত অন্য প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): জেলা কমিটির সদস্য মোসাদ্দেক আলী ভূঁইয়া। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): কটিয়াদী উপজেলা জামায়াতের সদস্য শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ রোকন রেজা।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী): জেলা জামায়াতের আমির রমজান আলী। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): ভৈরব উপজেলা জামায়াতের আমির কবির হোসেন। জেলা জামায়াতের আমির রমজান আলী জানান, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে জেলা ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। তখন কেবল কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি ছিল। জিহাদ খানের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি। রমজান আলী আরও দাবি করেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধভাবেই যাবে: পরওয়ার এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান করা সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ১১ দলীয় জোট জোটবদ্ধভাবেই আমরা এই সংলাপে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের জন্য চিঠি দিয়েছে সব দলকে।
আমরা সেখানেও ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। দিনক্ষণ হলে আমরা জানাব।’ সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সংলাপের সূচনা তো আমরাই করেছি, দাওয়াত এখানে কোন মুখ্য বিষয় না। খুব শীগগির দিনক্ষণ ঠিক হবে।’ তিনি জানান, বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জুলাই সনদ ও ভারত প্রসঙ্গে যা বললেন পরওয়ার জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে আহ্বান জানানোর প্রয়োজন হবে না। এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
পরওয়ার বলেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।